গাজীপুরের কালিয়াকৈরে খাবার দেওয়ার কথা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ধর্ষণ চেষ্টার ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন আব্দুল রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রাজ্জাক উপজেলার সফিপুর গোল্ডেন সিটি এলাকার প্রফেসর ভবনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার সকালে ভবনের সামনে এক শিশু খেলাধুলা করার সময় তাকে খাবার দেওয়ার কথা বলে তার নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার দুপুরে হঠাৎ এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিশুটির বাবা শরিফ মিয়া বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার জানান, এলাকাবাসী অভিযুক্তকে আটক করেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই