সিরি আ’র নতুন মৌসুমে পেনাল্টি পেতে ৩২ ম্যাচ অপেক্ষা করতে হয়েছে। তবে প্রথম স্পট-কিক থেকেও গোল আসেনি। ফলে পেনাল্টি থেকে প্রথম গোলের জন্য অপেক্ষা গড়ায় ৩৪তম ম্যাচ পর্যন্ত।
মৌসুম শুরুর আগে ইতালিয়ান রেফারিদের সংগঠন এআইএ রেফারিংয়ে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। অপ্রয়োজনীয় ম্যাচ-বিরতি, দুর্বল ভিত্তিতে পেনাল্টি দেওয়া এবং সহজে লাল কার্ড দেখানোর প্রবণতা কমানোর লক্ষ্য ছিল এসব নির্দেশনার মূল উদ্দেশ্য।
ভিএআর ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। স্লো-মোশন রিপ্লেতে প্রতিটি ঘটনাকে অতিরিক্ত বিশ্লেষণ না করে মাঠের খেলার স্বাভাবিক গতি ও শারীরিক লড়াইকে বেশি গুরুত্ব দেওয়ার নীতি নেওয়া হয়েছে।
এর ফল দেখা যায় মৌসুমের শুরুতেই। প্রথম ৩১ ম্যাচে কোনো পেনাল্টি দেওয়া হয়নি এবং কোনো ঘটনায় ভিএআরের অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশও আসেনি।
৩২তম ম্যাচে জেনোয়া ও ফ্রোসিনোনের ১-১ গোলের ম্যাচে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় জেনোয়া। কিন্তু লরেঞ্জো কোলোম্বো স্পট-কিক থেকে গোল করতে পারেননি।
অবশেষে ৩৪তম ম্যাচে আটালান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন ড্যানিয়েল মালদিনি। তার গোলে কাগলিয়ারি ২-১ ব্যবধানে জয় পায়। এই পেনাল্টিও আসে হ্যান্ডবলের ঘটনায়। তবে এবার রেফারি মাঠেই সেয়াদ কোলাসিনাচের মাথার ওপর থাকা হাতের নড়াচড়া দেখে সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
সময়ের আলো/এমকে