বনভূমি দখল করে গড়ে তোলা হয়েছিল অবৈধ স্থাপনা। খবর পেয়ে অভিযান চালিয়ে একে একে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এসব স্থাপনা। উখিয়ায় বনবিভাগের অভিযানে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাসকারিয়া বিল ও দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বনবিভাগ সূত্রে জানা যায়, মাসকারিয়া বিল এলাকায় মিজান (পিং জাফর আলম), হাজিরপাড়ার সিরাজুল হক (পিং সেকান্দর), সফিকয়ারা এলাকার হোসেন আহম্মদ, ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের (পিং আবু বক্কার) ও দেলোয়ার (পিং আবু বক্কর)-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনায় ফরিদের বাড়ির একটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা