যশোরের অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান গাজী (আনিস) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নওয়াপাড়ার ধোপাদীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আনিসুর রহমান নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলেও জানা গেছে।
অভয়নগর থানাপুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের একটি দল নওয়াপাড়ার ধোপাদীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সামসুর রহমান গাজী ওরফে ‘টুপি সামসুর’ বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আনিসুর রহমান গাজীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, আটকের পর আনিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিস নামের একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সময়ের আলো/আতা