সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল ফাটিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত ব্যক্তিরা হলেন ফিরোজ মিয়া, মাসুম, ইসমাইল হোসেন, রিয়াদ, সোয়াদ, জিন্নাত, তামিম শিকদার ও সাকিন ইসলাম। তারা সবাই ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসির সামনের এলাকায় নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এসময় সেখানে আতঙ্কের সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, বিস্ফোরিত ককটেলের কৌটা, স্কচটেপ, তারকাটা, কাচের টুকরো ও মাথার টুপি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/আতা