কমেডি-রোমান্টিক চরিত্রের বাইরে নতুন নাটকের গল্পে ভিন্নভাবে হাজির হচ্ছেন সময়ের আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি রিয়াদ আশরাফের পরিচালনায় ‘পরানের পরান’ নাটকে শুটিং করেছেন তারা।
নাটকে বিয়ের পর নৌকা থেকে এক নববধূকে তুলে নিয়ে যায় ডাকাত দল। এরপর সেই ডাকাত দলের এক সদস্য ও নববধূকে ঘিরেই এগিয়েছে গল্প। এর শুটিং হয়েছে ভোলা জেলার চর কুকরি-মুকরিতে।
নাটকটি প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘পরানের পরান’-এর গল্পটি অত্যন্ত চমৎকার। এ ধরনের নাটক আজকাল হয় না। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। গল্পের পাশাপাশি শুটিং স্পটেও ভিন্নতা রেখেছেন পরিচালক। এখন অধিকাংশ নাটকের শুটিং ঢাকা, গাজীপুরের পুবাইল ও আশপাশের এলাকায় হয়ে থাকলেও পরানের পরান-এর বেলায় দেখা গেছে ভিন্নতা।
নাটকটির শুটিং হয়েছে ভোলা জেলার চর কুকরি-মুকরিতে। সমুদ্রের পাড়ে জেগে ওঠা চরে প্রচণ্ড রোদের মধ্যে শুটিং করতে হয়েছে পুরো ইউনিটকে। ছিল না কোনো মেকআপ রুম কিংবা বিশ্রামের আলাদা ব্যবস্থা। লোকেশনটিও ছিল ভোলা শহর থেকে অনেক দূরে। সেখানে যাওয়া-আসার পথও ছিল ঝুঁকিপূর্ণ। কাজটি করতে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা হয়েছে আমার। নাটকটি দর্শকদের ভিন্ন ধরনের বিনোদন দেবে।
হিমি জানান, টানা পাঁচ দিন শুটিং হয়েছে চর কুকরি-মুকরিতে। এই কয়েক দিন ঠিকমতো ঘুম ও খাওয়া হয়নি। প্রচণ্ড রোদে কাজ করতে গিয়ে শারীরিকভাবেও অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন। এমনকি শুটিং শেষে গায়ের রংও বদলে গেছে। সব মিলিয়ে ক্যারিয়ারে অন্যতম কঠিন শুটিং হয়েছে এই নাটকে।
তবে কাজটি সত্যিই আমার কাছে ভালো লেগেছে। গল্পে ও চরিত্রে ভিন্নতা পাবেন দর্শক। নাটকটিতে নিলয় অভিনয় করেছেন ডাকাত দলের এক সদস্যের চরিত্রে। আর হিমিকে দেখা যাবে নববধূর চরিত্রে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে