রাডারে সন্দেহজনক একটি ড্রোন শনাক্ত হওয়ার পর দ্রুত আকাশে উড়েছিল ন্যাটোর একটি যুদ্ধবিমান। কিন্তু নির্ধারিত এলাকায় পৌঁছে পাইলটরা দেখতে পান, সেটি কোনো ড্রোন নয়— আকাশে উড়ে চলেছে বিশাল এক ঝাঁক পাখি।
ঘটনাটি ঘটেছে লিথুয়ানিয়ায়। দেশটির উত্তরাঞ্চলের সিয়াউলিয়াই ঘাঁটি থেকে ইতালীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমানকে উড়ানো হয়। ন্যাটোর বাল্টিক আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে সেখানে ইতালীয় বিমানবাহিনী মোতায়েন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা কর্মকর্তারা নিষিদ্ধ আকাশসীমার কাছে নিচু দিয়ে উড়ে যাওয়া একটি অজ্ঞাত বস্তু শনাক্ত করেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব ইউরোপের আকাশসীমায় বাড়তি সতর্কতা থাকায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়।
এরপর কমান্ড সেন্টারের নির্দেশে সন্দেহজনক উড়ন্ত বস্তুটির অবস্থান যাচাই করতে দ্রুত যুদ্ধবিমান পাঠানো হয়। স্থলভিত্তিক রাডার থেকে পাওয়া স্থানাঙ্ক অনুসরণ করে পাইলটরা ওই এলাকায় পৌঁছান।
কাছাকাছি যাওয়ার পর চোখে দেখা যায়, সেখানে কোনো ড্রোন বা শত্রু বিমান নেই। বরং একই গতিপথে একসঙ্গে উড়ে যাচ্ছে কয়েক ডজন পাখি।
লিথুয়ানিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক রাডার সংকেতে পাখি ও ড্রোনের গতিবিধির মধ্যে মিল থাকতে পারে। বিশেষ করে নিচু দিয়ে ধীরে চলা ছোট আকারের বস্তু শনাক্ত করতে গিয়ে এমন বিভ্রান্তি তৈরি হতে পারে।
ঘটনার সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লিথুয়ানিয়ার ভিলনিয়াস আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে পরিস্থিতি পরিষ্কার হওয়ার পর মাত্র ৩৮ মিনিটের মধ্যে বিমানবন্দরটি আবার খুলে দেওয়া হয় বলে দেশটির জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার আকাশসীমার কাছে সামরিক ড্রোনের উপস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ইউক্রেনের যুদ্ধ ন্যাটোর উত্তর সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে— এমন আশঙ্কাও রয়েছে।
তবে এবারের ঘটনায় আধুনিক রাডার প্রযুক্তির সীমাবদ্ধতার বিষয়টি সামনে এসেছে। ছোট ও ধীরগতির বস্তু শনাক্ত করতে সক্ষম রাডার অনেক সময় পাখির ঝাঁককেও ড্রোন বা অন্য কোনো উড়ন্ত বস্তুর মতো শনাক্ত করতে পারে। বিশেষ করে বড় একটি ঝাঁক একই উচ্চতায় ঘনভাবে উড়লে তা থেকে প্রতিফলিত রাডার সংকেত কৃত্রিম কোনো উড়ন্ত বস্তুর সঙ্গে মিলে যেতে পারে।
সময়ের আলো/কেএইচ