রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ড যাওয়ার পথে অল্পের জন্য রুশ ড্রোন হামলা থেকে রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

2026-09-14T10:26:25+00:00
2026-09-14T10:28:21+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ এএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১০:২৮ এএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ড যাওয়ার পথে অল্পের জন্য রুশ ড্রোন হামলা থেকে রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসনকে বহনকারী ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর একই পথে চলা একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা হয়।

রোববার রাতে পোল্যান্ড সীমান্তের ইয়াহোদিন স্টেশনে ওই হামলা হয়। ইউক্রেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কেউ হতাহত হননি। রুশ হামলার আশঙ্কায় ট্রেন চলাচলের সময়সূচিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হয়েছিল। এ কারণে জনসনকে বহনকারী ট্রেনটি আগেই স্টেশন ছেড়ে যায়।

ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ড্রোনটি জনসনকে বহনকারী ট্রেনকে লক্ষ্য করে পাঠানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জনসনের সঙ্গে ওই ট্রেনে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জোনাথন পাওয়েল, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের ঘনিষ্ঠ উপদেষ্টা গুন্টার সাউটার এবং কয়েকজন ইউরোপীয় কূটনীতিক। সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন সরকারের সঙ্গে বৈঠক করতে তাঁরা কিয়েভে গিয়েছিলেন বলে জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেল জানিয়েছে।

হামলার পর বরিস জনসন এটিকে ‘এলোমেলো ও অর্থহীন’ আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক রেলপথেও প্রতিদিন এমন হামলা চালানো হচ্ছে।

সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট হামলার পর ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেন, আক্রান্ত ট্রেনটি তাঁদের ট্রেনের কয়েক মিনিট পর সীমান্তের দিকে যাচ্ছিল। রুশ ড্রোনটি এগিয়ে আসার পর ট্রেনটি খালি করে দেওয়া হয়। এতে কেউ আহত হননি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রুশ হামলা এখন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ডের আরও কাছে চলে এসেছে। তাঁর অভিযোগ, রাশিয়ার হামলা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাও সিকোরস্কি বলেছেন, রাশিয়ার হুমকি এখন ইউরোপের ভেতরেই রয়েছে। তিনি মস্কোর বিরুদ্ধে সাইবার হামলা, অপতথ্য ও গুপ্তচরবৃত্তির পাশাপাশি ইউরোপে অগ্নিসংযোগ, বিমান ভূপাতিতের চেষ্টা এবং ট্রেন লাইনচ্যুত করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডকে তিনি রাশিয়ার কার্যক্রমের ‘উসকানিমূলক বিস্তার’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে রোববার ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছেও একটি ট্রাকে হামলা হয়। এতে দোরোহুস্ক-ইয়াহোদিন সীমান্তপথের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিম ইউক্রেনে ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুদ্ধের সম্মুখসারিতে বড় ধরনের পরিবর্তন না এলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন ও রাশিয়া উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। দুই পক্ষই দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যুদ্ধের গতিপথ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  বরিস জনসন  যুক্তরাজ্য  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: