ইউক্রেনে সাবেক সিআইএ প্রধানের অবস্থানে রুশ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস রোববার ইউক্রেনের একটি রেলস্টেশনে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় রুশ একটি ড্রোন

2026-09-14T14:59:40+00:00
2026-09-14T14:59:40+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনে সাবেক সিআইএ প্রধানের অবস্থানে রুশ ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস রোববার ইউক্রেনের একটি রেলস্টেশনে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় রুশ একটি ড্রোন একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়। এর কিছুক্ষণ আগেই ওই স্টেশন ছেড়ে গিয়েছিল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বহনকারী একটি কূটনৈতিক ট্রেন।

ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তের কাছের ইয়াহোদিন স্টেশন থেকে কূটনৈতিক ট্রেনটি আগাম ছেড়ে দেওয়া হয়েছিল। রুশ হামলার ‘ধারাবাহিক হুমকির’ কারণে নির্ধারিত সময়ের আগেই ট্রেনটি ছাড়ে। হামলার সময় সেটি পোল্যান্ডের সীমান্ত পার হয়ে গিয়েছিল।

তবে পেট্রাউস যে ট্রেনে ছিলেন, সেটি তখনো ইয়াহোদিন স্টেশনে অবস্থান করছিল। স্টেশনটি পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষ বলেছে, তারা ঘটনার বিস্তারিত যাচাই করছে। তবে কর্মকর্তাদের বহনকারী ট্রেনটিকেই রুশ ড্রোনটি ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে থাকতে পারে— এমন সম্ভাবনা ‘বেশ জোরালো’। এছাড়া রোববার একই শহরের একটি গ্যাস স্টেশনেও রুশ ড্রোন হামলা চালানো হয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর ‘দরজায় পুতিনের সন্ত্রাসের কড়া নাড়া’ বলে মন্তব্য করেছেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের এমন রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেগুলো ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনীয়রা প্রতিদিনই এমন ‘এলোমেলো ও অর্থহীন’ হামলার শিকার হচ্ছেন, এমনকি বেসামরিক রেলপথেও।

সাবেক সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্টও ওই সময় পোল্যান্ড সীমান্তের কাছে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হামলার একটি ভিডিও প্রকাশ করে জানান, আক্রান্ত ট্রেনটি তাদের ট্রেন ছিল না; তাঁদের ট্রেনের কয়েক মিনিট পর সেটি সীমান্তের দিকে যাচ্ছিল।

পেট্রাউস ও ইউরোপের অন্য কর্মকর্তারা কিয়েভে অনুষ্ঠিত ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি নামে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছিলেন।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড সীমান্তের কাছে হামলা বাড়িয়েছে রাশিয়া। ইয়াহোদিন পশ্চিমা সামরিক ও মানবিক সহায়তা ইউক্রেনে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি পথ। রোববার ওই সীমান্তবর্তী শহরের একটি গ্যাস স্টেশনেও হামলা চালানো হয়। এতে কিছু সময়ের জন্য সীমান্ত পারাপার বন্ধ হয়ে যায়।

ইউক্রেন সফরে থাকা পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, সীমান্তের এত কাছে রুশ হামলা পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। তাঁর ভাষায়, এটি ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জের পাশাপাশি ভবিষ্যতে রুশ আগ্রাসনের সম্ভাব্য শিকারদের জন্যও হুমকি।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিংও পোল্যান্ডের কাছাকাছি বেসামরিক অবকাঠামোয় রুশ হামলাকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এসব হামলা ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়ার বৃহত্তর হুমকির বিষয়টি স্পষ্ট করছে।

এর আগে এক সপ্তাহেরও কম সময় আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মলদোভার রাজধানীর একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি রুশ ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করেছিল। মলদোভা ন্যাটোর সদস্য না হলেও সামরিক জোটটির সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  রাশিয়া  ইউক্রেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: