প্রায় আড়াই বছর পর একক কনসার্টে ফিরছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক বাপ্পার এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশ করে নিজেই কনসার্টের ঘোষণা দিয়েছেন এই শিল্পী। একই সঙ্গে ভক্তদের তারিখটি মনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
দুই বছর পর একক কনসার্ট প্রসঙ্গে সময়ের আলোকে বাপ্পা মজুমদার বলেন, নানা ব্যস্ততার কারণে ইচ্ছে থাকলেও একক কনসার্ট করা হয়নি এতদিন। এই রকম একটি আয়োজনের জন্য শুধু পরিকল্পনাই নয়, ভালো প্রস্তুতিও থাকতে হয়। সুন্দর সময়ের বিষয়টিও ভাবতে হয়। এবার সকল প্রস্তুতি নিয়েই কনসার্টটি করতে যাচ্ছি। আশা করছি আয়োজনটি দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে।
এবারের একক কনসার্টে বাপ্পা মজুমদার তার জনপ্রিয় গানগুলো নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন। এটি আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। তবে এখনও টিকেট বিক্রি শুরু হয়নি। শিগগিরই টিকেট বিক্রি শুরু হবে।
তিন দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করা এই শিল্পী নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। সামনে নতুন গান মুক্ত করা প্রসঙ্গে বাপ্পা মজুমদার জানান, মৌলিক গানের নতুন অ্যালবাম নিয়ে কাজ করছেন তিনি। চলতি বছরের ডিসেম্বরে এটি মুক্তি পাবে।
গান ছাড়াও নানা ধরনের ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার সুনাম রয়েছে শ্রোতাদের মধ্যে এই শিল্পীর। কথা প্রসঙ্গে বাপ্পা মজুমদারের কাছে জানতে চাওয়া হলো, ভবিষ্যতে শুধু একক ইনস্ট্রুমেন্টাল কনসার্ট করার ইচ্ছে আছে কি না? তিনি বললেন,‘আমাদের দেশে ইনস্ট্রুমেন্টাল কনসার্টের চলটা একেবারেই নেই। আসলে এই ধরনের আয়োজন একটু কঠিন। তারপরও আমি মনে করি এমন অনুষ্ঠান হওয়া জরুরি। আমার এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যে করব না সেটাও একেবারে না করে দিচ্ছি না।’
সময়ের আলো/প্রিন্ট/টিকে