রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সিটিতে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার’। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের মেলায় থাইল্যান্ড, ফিলিপাইন ও মালদ্বীপ থাকছে ‘পার্টনার কান্ট্রি’ হিসেবে। পাশাপাশি মালয়েশিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা অংশ নিচ্ছে ‘ফিচার্ড কান্ট্রি’ হিসেবে। মোট ১০টি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি বুথ এতে স্থান পাচ্ছে। ভ্রমণপিপাসুদের আকর্ষণে মেলায় থাকছে বিমান টিকেট, হোটেল বুকিং এবং বিভিন্ন ট্যুর প্যাকেজে বিশেষ মূল্যছাড়।
মেলায় সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি পর্যটন খাতের বিনিয়োগকারীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। ট্রেড প্রদর্শনী ছাড়াও আয়োজন করা হয়েছে বিটুবি ও বিটুসি মিটিং, পর্যটন উন্নয়নবিষয়ক সেমিনার ও নানা ধরনের কর্মশালা। সেই সঙ্গে প্রতিদিনের সাংস্কৃতিক পরিবেশনা এবং লটারিপ্রেমীদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র তো থাকছেই।
সময়ের আলো/প্রিন্ট/টিকে