বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পরবর্তীতে ওইদিন বিকেলে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রইচের স্ত্রী এলিনা জাহিন পুতুল জানিয়েছেন, বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি বাড়িতে এসে কথা বলার জন্য আমার স্বামীকে ডেকে নিয়ে যান। পরবর্তীতে কোনো মামলা ছাড়াই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুতুল আরও বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তারপরেও শুধু আওয়ামী লীগকে ভালোবাসার অপরাধে কোনো মামলা ছাড়াই পুলিশ আমার অসুস্থ স্বামীকে গ্রেফতার করেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/জোই