গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) নৌকাটি ডুবে যায়।
গ্রিক সংবাদমাধ্যম টু ভিমার প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গ্রিসের কোস্টগার্ড ৫১ জনকে জীবিত উদ্ধার করে। পরে তাদের ক্রিট দ্বীপে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে গ্রিক কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি।
নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সও অভিযান চালাচ্ছে। চারটি নৌযান, একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টার ব্যবহার করে সাগরে তল্লাশি চালানো হচ্ছে।
গ্রিক সংবাদমাধ্যম ইআরটি জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার পর সাগরে নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।
ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য গ্রিস অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। দেশটির অভিবাসন আইনও বেশ কঠোর। নথিবিহীন অবস্থায় প্রবেশ করলে বিদেশিদের প্রশাসনিক আটক, শাস্তি ও বহিষ্কারের মুখোমুখি হতে হয়।
সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি
সময়ের আলো/এমকে