লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ও দশম শ্রেণির ছাত্র মো. আল-আমিনকে জামিন দিয়েছেন আদালত। মামলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সোমবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল ও স্লোগান দেন। পুলিশের অভিযোগ, এই কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিপন্ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয় এবং পরে মিছিলের ভিডিও ধারণ করে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়।
এই ঘটনার জেরে গত ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে মো. রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
জামিন পাওয়া মো. আল-আমিন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের মো. শাহীনের ছেলে। সে স্থানীয় চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। আইনজীবীর তথ্য অনুযায়ী, সোমবার ক্লাস না করে আল-আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত এই শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেন।
এর আগে গত ১৭ আগস্ট একই মামলার অপর আসামি ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র মো. রিমন বাচ্চুকেও একই শর্তে জামিন দিয়েছিলেন আদালত। জামিনের শর্ত অনুযায়ী মামলার নির্ধারিত দিন সোমবার তাকেও আদালতে উপস্থিত থাকতে দেখা গেছে।
সময়ের আলো/জোই