মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এই বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাজারে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের বেশ ভালোই আনাগোনা ছিল। হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় আকস্মিক শব্দে আতঙ্কিত হয়ে বাজারের লোকজন দিকবিদিক ছোটাছুটি শুরু করেন এবং মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
সময়ের আলো/জোই