নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ১০১ জনকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানায় ১৫ পিস ইয়াবাসহ ৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্যসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লা মডেল থানায় বিভিন্ন অপরাধে ২৫ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। বন্দর থানায় ৮ জন মাদকসেবী, ৬৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি, অন্যান্য মামলার ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রূপগঞ্জ থানায় ৫ জন মাদকসেবী এবং অন্যান্য মামলার ১ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন মাদকসেবী এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁও থানায় ১৫ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী এবং অন্যান্য মামলার ৯ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আড়াইহাজার থানায় ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্য এবং ১ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই