পিরোজপুরের কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী এলাকার মৃত শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় শাওনের বাড়ির দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তল্লাশি করে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। যার গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। এছাড়া দুটি ওয়াকিটকি, দুটি দেশীয় ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার জব্দ করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া কার্তুজগুলোর বিপরীতে কোনো আসল অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় গ্রেফতার যুবকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই