বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীন পণ্য বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনি ও মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই তৈরি ও বিক্রি, লেবেলবিহীনভাবে দই বাজারজাত এবং বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় পাঁচটি মামলা দায়ের করে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের আগামী সাত দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লেবেলবিহীন পণ্য বাজারজাত এবং লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন