মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় অভিযান চালিয়ে বাবা ফিরোজ হোসেন (৫৬) এবং ছেলে আমানুল্লাহ আমান(২৭) নামের দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ দিকে তাদের বাড়িতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান যায়।
এ সময় ফিরোজের স্বয়নকক্ষে তল্লাশি শুরু করে দলটি। তল্লাশির এক পর্যায়ে তার শয়ন কক্ষের বিভিন্ন স্থান থেকে ৩৭৩ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, অ্যালকোহল মেশানো ফেন্সিডিলের বোতল, ৬৪ গ্রাম ভাং, দুটি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে দলটি। পরে ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লহকে আটক করা হয় বলেও জানান তিনি।
সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিলো বলে অভিযোগ ছিলো। তারই ধারাবাহিকতায় এ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
সীমান্তবর্তী এ জেলায় যে কোনো জায়গায় মাদক কেনা-বেচার কোনো অভিযোগ থাকলে সাথে সাথেই জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/আতা