কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর কমিটির অনুমোদিত তালিকা প্রকাশিত হওয়ার পর কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তালিকা প্রকাশের পর থেকে ২৪ ঘণ্টায় ৮ জন পদত্যাগ করেছেন।
লিখিত পদত্যাগপত্র তারা কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেছেন। সম্মতি ছাড়া কমিটির তালিকায় নাম রাখার কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন।
লিখিত আবেদনপত্র অনুযায়ী পদত্যাগকারীরা হচ্ছেন— গাংনী উপজেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা, সাবেক দফতর সম্পাদক আব্দুল আলিম, সাবেক যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আলমগীর বিশ্বাস রাহেল, লিখন উদ্দীন ও মাঝারুল ইসলাম।
পদত্যাগকারীরা তাদের আবেদনে বলেছেন, কমিটিতে নাম রাখার বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়নি এবং তাদের সম্মতি ছাড়াই কমিটিতে নাম রাখা হয়েছে। এ কারণে তারা পদত্যাগ করছেন। তবে কমিটি ঘোষণার পর নেতৃত্বের বিষয় নিয়ে নেতাকর্মীদের মাঝে তীব্র সমালোচনা চলছে বলে জানা গেছে ঘনিষ্ঠ সূত্রে।
সময়ের আলো/আতা