আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে চেয়ারম্যানসহ মোট ১৩ জনকে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চৈতন্যেরহাট বাজারে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নুরুল আমিন বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে চেয়ারম্যান পদে ১ জন, মেম্বার পদে ৯ জন ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যকে মনোনয়ন দেওয়া হবে। দল থেকে যাকে যোগ্য বিবেচনা করা হবে তাকে মনোনয়ন দেওয়া হবে। কেউ যদি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হওয়ার চেষ্টা করে আমরা কঠিন ব্যবস্থা নিবো।
তিনি বলেন, আমাদের সরকার মাত্র ৬ মাস বয়স হয়েছে। পর্যায়ক্রমে মিরসরাইসহ সারাদেশে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিরোধীদল ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করে সরকারকে ৬ দফা দাবি দিয়েছে। না মানলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে। তারা লোক দেখানো লংমার্চ করে জনগণের ভোগান্তি করেছেন।
এসময় তিনি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন নেতৃবৃন্দকে মাদক ও সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কেউ যদি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী করেন কিংবা মাদক ব্যবসা করেন তাকে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেন। দল থেকে কোনো ছাড় দেওয়া হবে না।
সভা শেষে, ১৭ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ আবুরহাট-চৈতন্যেরহাট আহমদ কবির সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করেন তিনি।
সময়ের আলো/আতা