মক্কা লক্ষ্য করে হামলার দাবি সৌদির, অস্বীকার করল হুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মক্কার কাছে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার মক্কার দক্ষিণে ড্রোনটি ধ্বংস করা হয়। সৌদি

2026-09-16T08:56:07+00:00
2026-09-16T09:00:03+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মক্কা লক্ষ্য করে হামলার দাবি সৌদির, অস্বীকার করল হুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
মক্কার কাছে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার মক্কার দক্ষিণে ড্রোনটি ধ্বংস করা হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ড্রোনটি পবিত্র শহরটির নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে।

বুধবার ভোরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, ইসলাম ধর্মের দুটি পবিত্র স্থান এবং হাজিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘লাল রেখা’। হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

মক্কা মুসলমানদের কাছে ইসলামের পবিত্রতম শহর। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলমান হজ পালনের জন্য এই শহরে যান। ফলে মক্কার নিরাপত্তাকে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে দেখা হয়।

আল-মালকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এ ধরনের প্রচেষ্টা এবারই দ্বিতীয়। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরানপন্থি হুতি গোষ্ঠী। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের মুখপাত্র হাজেম আল-আসাদ বলেন, মক্কাকে লক্ষ্য করে হামলার দাবি পুরোনো মিথ্যা এবং এমন দাবি এখন আর কাউকে বিভ্রান্ত করতে পারবে না।

এদিকে সৌদি আরবের বিরুদ্ধে হামলার ঘটনাকে নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এই জোট মক্কায় কথিত হামলাকে ‘জঘন্য’ বলে উল্লেখ করে সৌদি আরবের বিরুদ্ধে চলমান আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

গত মঙ্গলবার মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এর আগে এক সপ্তাহ ধরে ইরানপন্থি যোদ্ধাদের ধারাবাহিক হামলার মধ্যে পড়ে সৌদি আরব। এসব হামলার কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশটির সম্পৃক্ততা আরও গভীর হচ্ছে।

এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অবস্থান শক্ত করেছে হুতিরা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এই প্রণালির মাধ্যমে সৌদি আরবের তেল রপ্তানির একটি অংশ পরিচালিত হয়। হরমুজ প্রণালির বিকল্প পথে তেল পরিবহনের ক্ষেত্রেও এই নৌপথ গুরুত্বপূর্ণ।

গত এক সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় হামলার ঘোষণা দিয়েছে হুতিরা। সোমবার একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করে গোষ্ঠীটি জানায়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলার জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  সৌদি আরব  মক্কা  হুতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: