কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ৩৫ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলকে বিদায় জানান।
কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন রদ্রিগেজ। জাতীয় দলের জার্সিতে করেছেন ৩১ গোল। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর তিনি তিনটি বিশ্বকাপ ও চারটি কোপা আমেরিকায় কলম্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন সময়ে জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন তিনি।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজের অবস্থান শক্ত করেন রদ্রিগেজ। ওই আসরে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে তার করা দুর্দান্ত ভলি গোলটি পরে ফিফার পুসকাস অ্যাওয়ার্ডও জেতে।
২০১৪ বিশ্বকাপে রদ্রিগেজের পারফরম্যান্সে ভর করে কলম্বিয়া প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তার অন্যতম বড় সাফল্য ছিল সেটিই।
বিদায়ী বার্তায় রদ্রিগেজ বলেন, প্রতিটি ম্যাচ, আনন্দ, কান্না ও স্বপ্নের জন্য তিনি কৃতজ্ঞ। কলম্বিয়া জাতীয় দলের রং ধারণ করা তার জীবনের অন্যতম বড় সম্মান বলেও উল্লেখ করেন তিনি।
ক্লাব ফুটবলেও দীর্ঘ সফল ক্যারিয়ার রয়েছে রদ্রিগেজের। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব মিনেসোটা ইউনাইটেড ছাড়ার পর কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাবটির সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি হয়েছে তার।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন রদ্রিগেজ। স্প্যানিশ ক্লাবটির হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। এছাড়া বায়ার্ন মিউনিখ ও এভারটনের হয়েও খেলেছেন এই কলম্বিয়ান তারকা।
সময়ের আলো/কেএইচ