চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটির সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ তীব্র গতিতে ব্রেক (হার্ড ব্রেক) করে। এতে পেছনে থাকা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেটকারের পেছনে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তেই সড়কের ওপর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে ছিটকে পড়ে। ত্রিমুখী এই সংঘর্ষে সিএনজির চালকসহ সব যাত্রী সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী মারা যান।
পরে স্থানীয়রা বাকি আহতদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত অন্য দুজন ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ত্রিমুখী সংঘর্ষের এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই