সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে ১০ জন নিশ্চিত হাম রোগী এবং ১৫৮ জন সন্দেহজনক হাম রোগী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে, সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৯৩ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া, বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালেও রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছে ৫১৮ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯২ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৪ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে ২ জন রুবেলা রোগী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে সুনামগঞ্জের সামিহা (৩ বছর ৮ মাস) ও পরশ (৭ মাস) এবং মৌলভীবাজারের ইলমা (১ বছর ৮ মাস) রয়েছে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৩ জন, হবিগঞ্জে ১৯ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে যথাক্রমে ৪, ৪, ১ ও ১ জনের।
সময়ের আলো/মহু