বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এ আগুন লাগে। স্থানীয় জনপ্রতিনিধির হিসাবে, আগুনে দোকানগুলোর কাঠামো ও মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, ভোররাতে বাজারের দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যান। ফলে আগুন লাগার পর দোকানের ভেতরে থাকা মালামাল বের করার সুযোগ হয়নি। আগুনে দোকানের কাঠামোর পাশাপাশি বিপুল পরিমাণ পণ্য ও মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ২০২০ সালে এ বাজারে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকান আগুনে পুড়ে যায়। এবারও ১৩টি দোকান পুড়ে গেল। বারবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারছেন না।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, রাতে কোনো দোকানদারই দোকানে থাকেন না। সবাই বাড়িতে চলে যান। তাই আগুন লাগার পর দোকান থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/জোই