র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে যাত্রা শুরু করার কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।
আহসান হাবীব পলাশ বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।
এর মধ্য দিয়ে র্যাব বিলুপ্ত করে এসআরবি নামে পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট চালু হলো।
মঙ্গলবার এসআরবি আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন–সংক্রান্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯–এর যেসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল, কেবল সেসব বিধান রহিত হবে। তবে অর্ডিন্যান্সের সেকশন ১৪–এ দেওয়া ক্ষমতাবলে জারি করা র্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা–২০০৫ এবং এই বিধিমালা অথবা অন্য কোনো আইন বা বিধির অধীন ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারা বহাল ও বলবৎ থাকবে।
এ ছাড়া এসআরবি আইনে বলা হয়েছে, র্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে রাখা অর্থ, দায়, চুক্তি, স্থাবর–অস্থাবর সম্পত্তি, সব হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও এ–সংক্রান্ত সব দলিল ইত্যাদি এসআরবির কাছে তৎক্ষণাৎ স্থানান্তরিত ও ন্যস্ত হবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাশ হয়। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন কাঠামোটি আইনি রূপ পায়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল ইউনিটটি।
সময়ের আলো/জেকিউএফ