বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি। তার আগেই জাপানের নাগোয়া শহরে শুরু হয়েছে টানা বৃষ্টি। প্রবল বর্ষণে শহরের বিভিন্ন এলাকায়

2026-09-16T22:53:01+00:00
2026-09-16T23:25:47+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:২৫ পিএম
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি। তার আগেই জাপানের নাগোয়া শহরে শুরু হয়েছে টানা বৃষ্টি। প্রবল বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ম্যাচ আয়োজন নিয়ে।

আগামীকাল চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি যদি বৃষ্টি ভাসিয়ে নেয়, তাহলে মাঠে না নেমেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ নারী দল।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে এর দুই দিন আগেই, ১৭ সেপ্টেম্বর। স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ায় প্রথম কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।

নাগোয়ায় সেপ্টেম্বর সাধারণত বৃষ্টিপ্রবণ সময়। এবারের গেমস শুরুর আগে মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়মিতই হচ্ছে। এর প্রভাব পড়েছে দলগুলোর প্রস্তুতিতেও। বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশও।

আবহাওয়া একই রকম থাকলে পুরো ২০ ওভারের ম্যাচ আয়োজন কঠিন হতে পারে। ম্যাচের ফল নির্ধারণে প্রথমে ৫ ওভারের ম্যাচ আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটিও সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করা হবে।

সুপার ওভারও আয়োজন করা সম্ভব না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে। আর এই নিয়মই বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে বড় সুবিধা।


বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান ১০ নম্বরে। চীনের অবস্থান ৩৭। ফলে বৃষ্টির কারণে ম্যাচ একেবারেই আয়োজন করা না গেলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। তাতে কোনো বল না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেবে জ্যোতি, মারুফা, নাহিদা ও সোবহানাদের দল।

তবে সেমিফাইনালে অপেক্ষা করতে পারে আরও কঠিন প্রতিপক্ষ। শেষ চারে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। গত এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের সোনা জেতা ভারত এবারও শিরোপার অন্যতম দাবিদার।

এশিয়ান গেমসে এখন পর্যন্ত তিনবার অংশ নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্যে দুবার রুপা ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে তারা। এবারও পদক নিয়ে দেশে ফিরতে চান দলের ব্যাটার সোবহানা মোস্তারি।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে সোবহানা বলেন, ‘আশা করছি, এবারও আমরা একটি পদক নিয়ে দেশে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এখন বাংলাদেশের প্রথম অপেক্ষা মাঠের লড়াইয়ের জন্য নয়, নাগোয়ার আকাশের দিকে। বৃষ্টি থামলে চীনের বিপক্ষে লড়াই করেই সেমিফাইনালের টিকিট কাটতে হবে। আর বৃষ্টি ম্যাচটি পুরোপুরি ভাসিয়ে দিলে র‌্যাংকিংয়ের সুবিধায় সেই টিকিট মিলতে পারে মাঠে না নেমেই।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বৃষ্টি  ম্যাচ  পণ্ড  সেমিফাইনাল  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: