ঋণের নামে ব্ল্যাকমেইল করায় অবৈধ অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

উচ্চ সুদে ঋণ দেওয়ার পর গ্রাহকের ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলসহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ ওঠা অনুমোদনহীন

2026-09-16T23:09:33+00:00
2026-09-16T23:21:47+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
ঋণের নামে ব্ল্যাকমেইল করায় অবৈধ অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:২১ পিএম
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি
উচ্চ সুদে ঋণ দেওয়ার পর গ্রাহকের ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলসহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ ওঠা অনুমোদনহীন ঋণদাতা অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন বন্ধ করতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে অনুমোদনহীন ঋণদাতা অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পৃথক চিঠি পাঠিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে অবৈধ ঋণদাতা অ্যাপ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এসব অ্যাপের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার তথ্য বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগকে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনলাইনে পরিচালিত কিছু মোবাইল অ্যাপ উচ্চ সুদে ঋণ দিচ্ছে। এসব অ্যাপ থেকে ঋণ নিয়ে গ্রাহকেরা আর্থিক ক্ষতির পাশাপাশি বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর অজান্তেই এসব অ্যাপ মোবাইল ফোনের যোগাযোগ নম্বর, ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য, ছবি, ভিডিও এবং খুদে বার্তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ঋণের টাকা পরিশোধে দেরি হলে বা পরিশোধে ব্যর্থ হলে এসব তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর মাধ্যমে ঋণগ্রহীতাদের ব্ল্যাকমেইল ও নানা ধরনের হয়রানি করা হচ্ছে।


কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিনিয়োগ সংগ্রহ, ঋণ প্রদান, অর্থ সংরক্ষণ বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করা যায় না। তবে চিহ্নিত কিছু অ্যাপ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ঋণ কার্যক্রম পরিচালনা করছে। ফলে এসব কার্যক্রম অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব অবৈধ ঋণের অর্থ লেনদেনে সহায়তা করা ব্যাংক, এমএফএস, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও ওই অপরাধের সঙ্গে জড়িত হিসেবে বিবেচিত হবে। এ কারণে চিহ্নিত অ্যাপ পরিচালনাকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অনুমোদনহীন মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ নেওয়ার বিষয়ে জনসাধারণকে সতর্ক করে। একই সঙ্গে সংস্থাটি ৩১টি অবৈধ ঋণদাতা অ্যাপের নাম প্রকাশ করে।

অ্যাপগুলো হলো— সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  ঋণ  ব্ল্যাকমেইল  অ্যাপ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: