চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় একটি আমবাগান থেকে ১০টি ককটেল, ২ কেজি ৮০০ গ্রাম গান পাউডারসদৃশ গুঁড়া পদার্থ এবং ২ কেজি ১৫০ গ্রাম কালো বারুদসদৃশ পাউডার উদ্ধার করেছে র্যাব-৫।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের (সিপিসি-১) একটি দল রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। ওই বাগানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব জানায়, বোম্ব ডিজপোজাল ইউনিটের সহায়তায় আমবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ সময় ২ কেজি ৮০০ গ্রাম গান পাউডারসদৃশ গুঁড়া পদার্থ ও ২ কেজি ১৫০ গ্রাম কালো বারুদসদৃশ পাউডারও পাওয়া যায়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বিস্ফোরকগুলো সেখানে মজুত করে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এগুলো মজুতের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার হওয়া ককটেল ও বারুদসদৃশ বিস্ফোরকগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এসএকে