একই ব্যক্তির ছবি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নাম, পিতা-মাতার নাম ও ঠিকানার অসংখ্য ভুয়া এনআইডি কার্ড তৈরির সংঘবদ্ধ চক্রের মূল কারিগর রবিউল ইসলাম রনিকে (২১) গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের প্রাণকেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল এনআইডি কার্ড ও ডিজিটাল আলামতসহ তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভার পুরাতন কোর্ট রোডের দত্ত মার্কেটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানিক দলটি ওই মার্কেটের ‘সিদ্দিক কর্নার ভ্যারাইটিজ স্টোর’ নামক দোকানে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রনিকে গ্রেফতার করে।
তল্লাশিকালে গ্রেফতারকৃত তরুণের কাছ থেকে ‘এ-ফোর’ সাইজের কাগজে প্রিন্ট করা ৭ কপি জাল জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ এবং ৬ কপি পেছনের অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি কার্ডেই একই ব্যক্তির ছবি ব্যবহার করা হলেও নাম, পিতার নাম, জন্ম তারিখ, আইডি নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন।
পরবর্তীতে আসামির ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে এর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পর্যালোচনা করে পুলিশ। এতে দেখা যায়, অন্য একটি নম্বরে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত অন্তত ৮০টি ভুয়া জাতীয় পরিচয়পত্রের সফটকপি পাঠানো হয়েছে। সেগুলোর প্রতিটি কার্ডেও একই ছবি ব্যবহার করে ভিন্ন নাম-ঠিকানা বসানো হয়েছিল।
গ্রেফতারকৃত রনি টাঙ্গাইল জেলার মধুপুর থানার গাংগাইর গ্রামের মো. রফিকুল ইসলাম ও মোছা. রুমা ইসলাম দম্পতির ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে উদ্ধারকৃত সকল আলামত জব্দ করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর বুধবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আতা