বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুতিদের, মিত্রদের সহায়তা চাইল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর লড়াই তীব্র হওয়ার মধ্যে হুতিদের অবস্থানে হামলা চালানোর পাশাপাশি সৌদির একটি বিমানঘাঁটি ও

2026-09-17T10:16:19+00:00
2026-09-17T10:16:19+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুতিদের, মিত্রদের সহায়তা চাইল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ এএম 
সংগৃহীত ছবি
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর লড়াই তীব্র হওয়ার মধ্যে হুতিদের অবস্থানে হামলা চালানোর পাশাপাশি সৌদির একটি বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলার দাবি করেছে হুতিরা। এদিকে সরাসরি যুদ্ধে জড়ানোর পরিবর্তে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট মোখা শহরের আশপাশে হুথিদের অবস্থান ও সামরিক সরঞ্জামে হামলা চালিয়েছে। একই সময়ে সরকারি বাহিনী মারিবে হুতিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় তাইজ, মারিব ও হোদেইদা প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৪০টি বিমান হামলা চালিয়েছে। এর জবাবে হুতিরা সৌদির খামিস মুশাইত বিমানঘাঁটি এবং লোহিত সাগর উপকূলীয় শহর ইয়ানবুর একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

হুতিরা আরও দাবি করেছে, মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুত কমে আসায় দেশটি আকাশ প্রতিরক্ষা সহায়তার জন্য ফ্রান্স, পাকিস্তান, মিসর ও যুক্তরাজ্যের কাছে অনুরোধ করেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দুটি সূত্র। একটি সূত্রের দাবি, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুতও কমে এসেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স আল জাজিরাকে বলেন, হুথি ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যকার পরিস্থিতি যুক্তরাষ্ট্র ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে। সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।

তবে একই সময়ে গত সপ্তাহে ওমানের রাজধানী মাসকাটে হুথি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সরাসরি বৈঠক হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ওমান সরকারের সহযোগিতায় মার্কিন দূতাবাসে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সূত্রগুলো জানিয়েছে।

বৈঠকে হুতি প্রতিনিধিরা মার্কিন জাহাজে হামলার কোনো পরিকল্পনা নেই এবং ২০২৫ সালের যুক্তরাষ্ট্র-হুথি যুদ্ধবিরতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বলে রয়টার্সের সূত্রগুলো দাবি করেছে।

অন্যদিকে ইয়েমেনে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিক নিল হপ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবাকে জানিয়েছেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের ‘দৃঢ় সমর্থন’ অব্যাহত থাকবে। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সরকার ও জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সংহতির কথা জানানো হয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   ইয়েমেন  হুথি  সৌদি আরব  যুক্তরাষ্ট্র  সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার  ইরান  মোখা  মারিব  তাইজ  হোদেইদা  খামিস মুশাইত  ইয়ানবু  সৌদি এফ-১৫  বিমান হামলা  আকাশ প্রতিরক্ষা  ক্ষেপণাস্ত্র  লোহিত সাগর  ওমান   


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: