হরমুজ প্রণালির কাছে মার্কিন চুক্তিভিত্তিক একটি জাহাজে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় জাহাজটির কয়েকজন ক্রু সামান্য আহত হয়েছেন। ঘটনার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন নাগরিকও ছিলেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় চারটি ইরানি ড্রোনের পাশাপাশি অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে।
হামলায় কয়েকজনের সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে অসুস্থ ব্যক্তিরাও রয়েছেন। তাদের একটি অজ্ঞাত উপসাগরীয় দেশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক মাস ধরে চলা সামরিক সংঘাতের মধ্যেই এ হামলার খবর এলো। সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিভিন্ন হামলা ও পাল্টা ব্যবস্থার কারণে ব্যাহত হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট পেট্রোলিয়াম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়।
তবে জাহাজটিতে হামলার বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচ