নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৭ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেয়ারম্যান ঘাটের গাজী মেম্বারের মাছের আড়তে মাছটি ৮২ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী বিষু বেপারী।
চেয়ারম্যান ঘাটের আড়তদার আকবর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদীতে মঙ্গলবার চরঘেরা জালে মাছটি ধরা পড়ে। গাজী মেম্বারের মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা নদীতে ওই জাল বসিয়েছিলেন। পরে বুধবার দুপুরে মাছটি বিক্রির জন্য চেয়ারম্যান ঘাটের আড়তে আনা হয়। সেখানে বিষু বেপারী ৮২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
বিষু বেপারী জানান, মাছটি ঢাকায় অথবা চট্টগ্রামে নিয়ে বিক্রি করার পরিকল্পনা রয়েছে তাঁর।
হাতিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, চরঘেরা জাল নদীতে চারপাশে শক্ত খুঁটির সঙ্গে বেঁধে বসানো হয়। জোয়ারের পানি কমে গেলে ওই জালে মাছ আটকা পড়ে। এ ধরনের জাল সরকার নিষিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, শাপলা পাতা মাছ ধরা মৎস্য আইনে নিষিদ্ধ নয়। তবে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী শাপলা পাতা বা পাতা মাছ শিকার নিষিদ্ধ।
চেয়ারম্যান ঘাটে শাপলা পাতা মাছ বিক্রির বিষয়টি তাঁর জানা নেই বলেও জানান মো. ফয়জুর রহমান।
সময়ের আলো/জোই