রাজধানীর মোহাম্মদপুরে মো. হৃদয় মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সাদেক খান রোডে এ ঘটনা ঘটে।
হৃদয় মুদি ব্যবসা করেন। তাঁর বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, মালামাল আনতে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের দিকে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে কোপায়। পরে তাঁর সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হৃদয় রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
সময়ের আলো/এসএকে