সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আল-মদীনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের সময় ফার্মেসির ফ্রিজে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে জব্দ করা এসব ওষুধ ফার্মেসির সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষিত বেশ কিছু ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও সেগুলো সেখানে রাখা ছিল। এসব ওষুধের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করে ফার্মেসির সামনেই ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নির্ধারিত মেয়াদের পর ওষুধের গুণগত মান ও কার্যকারিতা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এ ধরনের ওষুধ যাতে ভোক্তাদের কাছে বিক্রি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় আল-মদীনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সিলেট মহানগর পুলিশের দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির মাধ্যমে যাতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
সময়ের আলো/এনএন