ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এর আওতায় রাশিয়ার মিত্র ও দেশটির তেল-গ্যাসের বড় ক্রেতাদের ওপরও শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হয়। এর আগে গত মাসে সিনেটে ৮৬-১১ ভোটে অনুমোদন পায় এটি। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি বিলে সই করবেন।
নতুন আইনে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুযোগ রাখা হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-ও এর আওতায় পড়বে।
এই আইনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো রাশিয়া যেন যুদ্ধ চালিয়ে যেতে না পারে, সেটার ব্যবস্থা করা। ওই লক্ষ্যের অংশ হিসেবে দেশটির রাজস্ব প্রবাহ বন্ধে রুশ তেল-গ্যাসের বড় ক্রেতাদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতাও ট্রাম্পকে দেওয়া হয়েছে।
চীন ও ভারতসহ কয়েকটি দেশ এর আওতায় পড়তে পারে। তবে বিলে কোনো দেশের নাম নির্দিষ্ট করা হয়নি।
বিল পাসকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে চীন এর বিরোধিতা করেছে। ভারত জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন উৎস থেকে তেল কেনা অব্যাহত রাখবে।
সময়ের আলো/জেকিউএফ