দীর্ঘ পথের বাসযাত্রায় আসন বেছে নেওয়ার সুযোগ পেলে অনেকেই জানালার পাশে কিংবা বাসের মাঝামাঝি সারির আসন খোঁজেন। কেউ চান একটু বেশি আরাম, আবার কেউ নিরাপত্তার কথা ভেবে সামনের বা পেছনের সারি এড়িয়ে চলেন। দুর্ঘটনা কখন ঘটবে, তা অবশ্য আগে থেকে বলা যায় না। তবে আসন বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় যাত্রীদের মাথায় থাকে।
আন্তর্জাতিক গবেষণা ও সেফটি রিপোর্টের বরাতে বাসের মাঝামাঝি সারির সিটকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হয়। এর একটি কারণ হলো, বাস দুর্ঘটনার ক্ষেত্রে সামনের কিংবা পেছনের অংশে সরাসরি আঘাত লাগার ঝুঁকি বেশি থাকে। মাঝামাঝি অংশে বসলে সামনের ও পেছনের ধাক্কার প্রভাব থেকে কিছুটা দূরে থাকা সম্ভব।
বাসের সামনের অংশ সাধারণত মুখোমুখি সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার পেছনের অংশে অন্য কোনো গাড়ির ধাক্কা লাগার ঝুঁকি থাকে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশের গাছ, পিলার, খুঁটি বা দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেও সামনের অংশে বড় ধরনের আঘাত লাগতে পারে। এসব কারণে মাঝের সারির আসনকে তুলনামূলক নিরাপদ মনে করা হয়।
জানালার পাশে নাকি আইল সিট?
আসন বাছাইয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো— জানালার পাশের সিট নাকি আইল সিট। অনেকের মতে, আইল সিটে বসলে বাসের বাইরে থেকে আসা কোনো বস্তুর সরাসরি আঘাতের ঝুঁকি তুলনামূলক কম থাকে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বাস থেকে বের হওয়ার ক্ষেত্রেও আইল সিট কিছুটা সুবিধাজনক হতে পারে।
তাই দীর্ঘ ভ্রমণে নিরাপত্তাকে গুরুত্ব দিলে অনেক যাত্রী বাসের মাঝামাঝি সারির আইল সিট পছন্দ করেন। বিশেষ করে যারা আসন বেছে নেওয়ার সুযোগ পান, তাদের কাছে এটি আরাম ও নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ পছন্দ বলে মনে হতে পারে।
তবে আসন বেছে নিলেই যে দুর্ঘটনার ঝুঁকি পুরোপুরি এড়ানো যাবে, এমন নয়। বাস্তবে দুর্ঘটনার ধরন, সংঘর্ষের দিক ও পরিস্থিতির ওপর ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে। অনেক সময় যাত্রীরা পছন্দের আসনও পান না। ফলে সামনের বা পেছনের সারিতেই বসে ভ্রমণ করতে হয়।
শেষ পর্যন্ত নিরাপদ যাত্রাই সবার প্রত্যাশা। আর আসন বেছে নেওয়ার সুযোগ থাকলে বাসের মাঝামাঝি সারির আইল সিটকে তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন যাত্রীরা।
সময়ের আলো/জেডি