নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে খামার মালিকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শফিকুল মিয়া মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য ইসহাক মেম্বারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। প্রতিদিনের মতো শফিকুল তার হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওরের চরে যান। হাওরে অবস্থানকালে হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিহতের দাফন সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের জন্য ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তাও প্রদান করা হবে।
সময়ের আলো/এনএন