প্রথম প্রেমের কথা কি কখনো ভোলা যায়? জীবনের প্রথম ভালো লাগা, প্রথম কারও জন্য অপেক্ষা, লুকিয়ে লুকিয়ে তাকানো কিংবা মনের কথা বলতে না পারার সেই সময়টুকু অনেকের কাছেই থেকে যায় আলাদা এক স্মৃতি হয়ে।
আজ ১৮ সেপ্টেম্বর, ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এই দিবসের প্রচলন শুরু হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশেও দিনটি পরিচিতি পায়। জীবনের প্রথম ভালো লাগার মানুষটির কথা মনে করার উপলক্ষ হিসেবেই দিনটি পালিত হয়।
প্রথম প্রেম অনেক সময় আসে একেবারেই নিঃশব্দে। কারও হাসি ভালো লাগতে শুরু করে, দেখা না হলে মন খারাপ হয়, আবার কথা বলার সুযোগ পেলে অকারণেই ভালো লাগে। কখন যে সেই ভালো লাগা প্রেমে পরিণত হয়, তা হয়তো নিজের কাছেও পরিষ্কার থাকে না।
প্রথম প্রেমের সঙ্গে তাই জড়িয়ে থাকে নানা ‘প্রথম’। প্রথম দেখা, প্রথম কথা, প্রথম একসঙ্গে হাঁটা, প্রথম অপেক্ষা কিংবা কাউকে লুকিয়ে ভালো লাগার অনুভূতি। সম্পর্কটি শেষ পর্যন্ত টিকে থাকুক বা না থাকুক, এসব স্মৃতি অনেকের কাছেই বিশেষ হয়ে থাকে।
সাহিত্য ও সংগীতে প্রথম প্রেমের উপস্থিতিও কম নয়। নচিকেতার গানে যেমন উঠে এসেছে প্রথম প্রেমের স্মৃতি, তেমনি সুনীল গঙ্গোপাধ্যায়, মহাদেব সাহা, আহসান হাবীবসহ অনেক কবির লেখায় প্রেমের আনন্দ, অপেক্ষা ও বিচ্ছেদের নানা অনুভূতি ধরা পড়েছে।
তবে প্রথম প্রেমের গল্প সবসময় সুখের হয় না। কারও জীবনে তা পূর্ণতা পায়, কারও ক্ষেত্রে থেকে যায় অপূর্ণতার স্মৃতি হয়ে। কেউ সেই মানুষটির সঙ্গেই জীবন কাটান, আবার কেউ সময়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পুরোনো অধ্যায় পেছনে ফেলে আসেন।
তবু প্রথম প্রেমের আলাদা একটা জায়গা থাকে। কারণ জীবনে প্রথমবার কাউকে ঘিরে যে আবেগ, উত্তেজনা, অপেক্ষা কিংবা অভিমান তৈরি হয়, তার অভিজ্ঞতা আর কোনো সম্পর্কের সঙ্গে পুরোপুরি মেলে না।
হুমায়ুন আজাদের একটি বহুল উদ্ধৃত কথায় আছে, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’
তাই আজকের দিনটি হতে পারে পুরোনো সেই স্মৃতির পাতায় একবার ফিরে তাকানোর উপলক্ষ। প্রথম প্রেমের মানুষটি জীবনে থাকুন বা না থাকুন, তার সঙ্গে জড়িয়ে থাকা কিছু মুহূর্ত হয়তো আজও মনের কোনো কোণে ঠিক আগের মতোই রয়ে গেছে।
আর যদি সেই প্রথম ভালো লাগার মানুষটিই এখনো পাশে থাকেন, তাহলে ১৮ সেপ্টেম্বর হয়ে উঠতে পারে দুজনের জন্যই একটু আলাদা একটি দিন।
সময়ের আলো/টিকে