রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে চান মিয়া কবির (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন মিয়া (২৪) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কবিরের মৃত্যু হয়।
নিহত কবির মতিঝিলের সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি ওয়ারীর গোপীবাগ তৃতীয় লেন এলাকায় একটি কক্ষে রুমমেট পবন চন্দ্র দাসের সঙ্গে থাকতেন।
পবন চন্দ্র দাস জানান, রাতে কবির তার বন্ধু সুমনের মোটরসাইকেলে করে বাইরে যান। পরে জানতে পারেন, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরে কবিরকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সুমন মিয়া শেরবাংলা নগরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।
সময়ের আলো/এমকে