মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সহজ করতে এবার পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করা হয়েছে। ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে।
তবে হজের ভিসা পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। ভিসা ইস্যুর আগে সংশ্লিষ্ট হজযাত্রী বা হজ এজেন্সিকে পাসপোর্টের মেয়াদ হালনাগাদ করতে হবে। পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় নির্ধারিত মেয়াদের পাসপোর্টের তথ্য ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের মেয়াদ সংশোধন করে তথ্য জমা না দিলে হজযাত্রীর ভিসা ইস্যু করা হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ শিথিল করা হলেও ভিসা প্রক্রিয়ার আগে নতুন বা হালনাগাদ পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক।
সময়ের আলো/এমকে