এলএলবি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও টাকা জমার নতুন সময়সূচি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এ তথ্য জানায়। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের এলএলবি শেষ পর্বে তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা এবং মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ পরীক্ষায় কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা দিতে হবে। ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্বে পত্রপ্রতি ফি ৯৭৫ টাকা, মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ এবং কেন্দ্র ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা।
পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ তথ্য যাচাই ও নিশ্চয়ন করবে। এরপর ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার পরবর্তী সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তথ্য জানানো হবে।
সময়ের আলো/এমকে