দীর্ঘ ১৭ বছর পর আবারও প্রাণ ফিরে পেয়েছে ফরিদপুরের ভাঙ্গার কুমার নদ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ নৌকা বাইচ ঘিরে নদীর দুই পাড়ে লক্ষাধিক মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নদীর দুই তীরে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ভাঙ্গা পৌরসভাধীন কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৬টি বাইচের নৌকা অংশ নেয়।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং স্থানীয় ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সহ নেতাকর্মীরা। ভাঙ্গা উপজেলাসহ পাশের ইউনিয়ন ও উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
‘নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে বলেন, দীর্ঘদিন প্রতিহিংসার রাজনীতির কারণে এ নৌকা বাইচ বন্ধ ছিল। এখন থেকে প্রতিবছর উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
ঐতিহ্যবাহী এ উৎসব ঘিরে ভাঙ্গায় বিভিন্ন জায়গায় গ্রাম্য মেলা বসেছে ও দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/এনএন