ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক বহুবার টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও একটা সময় দুই দেশের বিনোদন ও ক্রীড়াঙ্গনের সম্পর্ক ছিল বেশ উষ্ণ। এক দেশের তারকারা নিয়মিত অন্য দেশে যেতেন, কাজ করতেন, অংশ নিতেন বিভিন্ন অনুষ্ঠানেও। সেই সময় ভারতীয় অভিনেত্রী ও পাকিস্তানি ক্রিকেটারদের ঘিরে তৈরি হয়েছিল একের পর এক সম্পর্কের গুঞ্জন। কোনোটি ছিল আলোচনার ঝড় তোলা, কোনোটি আবার শেষ পর্যন্ত থেকে গেছে নিছক গুজব হয়েই।
তেমনই কয়েকটি আলোচিত নাম নিয়ে জানুন—
জিনাত আমান ও ইমরান খান
সত্তরের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান ও পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমরান খানের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা ছিল। ভারত সফরের সময় বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হওয়ার পর ঘনিষ্ঠতা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। সে সময়ের গণমাধ্যমেও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল।
তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ের পরিণতি পায়নি। দুজনই পরে নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে যান। আজও তাদের নাম উঠে আসে ভারত-পাকিস্তানের সবচেয়ে আলোচিত কথিত সম্পর্কগুলোর তালিকায়।
ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুশ্মিতা সেনকে ঘিরেও একসময় জোরালো প্রেমের গুঞ্জন ছিল। বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে।
তবে দুজনের কেউই সেই সম্পর্ককে প্রকাশ্যে প্রেমের স্বীকৃতি দেননি। বরং পরে সুশ্মিতা সেন ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন এবং তাদের বন্ধুত্বের কথা জানান।
ফলে এই সম্পর্কও শেষ পর্যন্ত আলোচিত গুঞ্জন হিসেবেই থেকে যায়।
সানিয়া মির্জা ও শোয়েব মালিক
এই তালিকায় সবচেয়ে বাস্তব ও আলোচিত জুটি ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দুই দেশের সীমান্ত পেরিয়ে তাদের সম্পর্ক একসময় উপমহাদেশে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।
২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেন তারা। দীর্ঘদিন দাম্পত্য জীবন কাটানোর পর অবশ্য সেই সম্পর্কেরও অবসান ঘটে। ২০২৪ সালে সানিয়ার পরিবার জানায়, তাদের বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই সম্পন্ন হয়েছিল।
ভারত-পাকিস্তানের দুই তারকার এই বিয়ে ছিল দুই দেশের বিনোদন ও ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত আন্তঃদেশীয় সম্পর্ক।
শোয়েব আখতার ও সোনালি বেন্দ্রে
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। সোনালিকে তিনি অত্যন্ত পছন্দ করতেন বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন। তবে অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কখনো কোনো সাড়া পাওয়ার খবর মেলেনি। ফলে শোয়েবের সেই ভালো লাগা শেষ পর্যন্ত একতরফা বলেই বিবেচিত হয়েছে।
আয়েশা টাকিয়া ও শহীদ আফ্রিদি
বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়েও একসময় সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে তাদের নাম একসঙ্গে এলেও দুপক্ষই এ ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দূরত্ব যতই বেড়েছে, দুই দেশের তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সেই পুরোনো কৌতূহল কিন্তু হারিয়ে যায়নি। জিনাত-ইমরান থেকে সানিয়া-শোয়েব— কখনো গুঞ্জন, কখনো বাস্তব সম্পর্ক— এসব গল্প এখনো দুই দেশের জনপ্রিয় সংস্কৃতির আলোচিত অধ্যায় হয়ে আছে।
সময়ের আলো/জেডি