ড্রোন শনাক্ত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে লুক্সেমবার্গ বিমানবন্দর। নিরাপত্তার কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয় বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বিমানবন্দর কর্তৃপক্ষের নোটিশের বরাত দিয়ে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানবন্দরের আশপাশে চালকবিহীন আকাশযান বা ইউএএসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কোনো উড়োজাহাজকে অবতরণ বা উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি।
বিমানবন্দরের নোটিশ অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে ফ্লাইট চলাচল স্থগিত করা হয় এবং প্রাথমিকভাবে কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল পুনরায় শুরু করা হয়।
বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন ড্রোন শনাক্ত হওয়ায় যাত্রী, বিমানকর্মী, স্থলকর্মী ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়।
সময়ের আলো/এমকে