ইতালিয়ান ফুটবল হারাল তার অন্যতম কিংবদন্তিকে। দেশটির জাতীয় দল ও ইন্টার মিলানের সাবেক তারকা সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান।
মাজ্জোলা তার পুরো ১৭ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ার কাটিয়েছেন ইন্টারে। ১৯৬১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৫৬৫ ম্যাচে ১৫৮ গোল করেন তিনি। এই সময়ে চারটি সিরি আ, দুটি ইউরোপিয়ান কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন এই ইতালিয়ান তারকা।
১৯৬৪ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল করে ইন্টারের প্রথম ইউরোপিয়ান শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন মাজ্জোলা। তার নৈপুণ্যে সেবার ৩-১ গোলে জয় পায় ইন্টার। পরের বছরও ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
ক্লাবের পাশাপাশি ইতালি জাতীয় দলেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। জাতীয় দলের হয়ে ৭০ ম্যাচে ২২ গোল করেন মাজ্জোলা। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। দুই বছর পর ১৯৭০ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।
ফুটবল ছিল মাজ্জোলার পারিবারিক উত্তরাধিকারও। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন তোরিনোর কিংবদন্তি ফুটবলার। ১৯৪৯ সালের সুপারগা বিমান দুর্ঘটনায় তোরিনোর পুরো দলসহ প্রাণ হারান তিনি। তখন সান্দ্রোর বয়স ছিল মাত্র ছয় বছর। পরবর্তী সময়ে বাবার পথ অনুসরণ করে ইতালিয়ান ফুটবলে নিজের আলাদা ইতিহাস গড়েন মাজ্জোলা।
১৯৭৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পরও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে ইন্টার মিলান ও তোরিনোর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। ইতালিয়ান ফুটবলে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তাঁকে ইতালিয়ান ফুটবল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান ও ইতালিয়ান ফুটবল ফেডারেশন। শোকবার্তায় ইন্টার তাকে ক্লাব এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে যাওয়া এক কিংবদন্তি হিসেবে স্মরণ করেছে।
সময়ের আলো/টিকে