জাকেরকে টেস্ট দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন হাবিবুল বাশার

ক্রীড়া ডেস্ক

খেলা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন কয়েকজন

2026-09-19T18:56:36+00:00
2026-09-19T18:56:36+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জাকেরকে টেস্ট দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন হাবিবুল বাশার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। নাহিদ রানা থাকছেন না, তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। জায়গা হয়নি অমিত হাসানেরও। তবে দলে ফিরেছেন জাকের আলী অনিক।

জাকেরকে ফেরানোর পাশাপাশি নাহিদ ও তাসকিনকে না রাখার কারণও ব্যাখ্যা করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।

নাহিদ রানাকে নিয়ে বাশার বলেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। নাহিদ রানাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। সেহেতু তিনি বাদ পড়ে গেছেন টেস্ট ম্যাচ থেকে। ১০ তারিখে তাকে পাওয়া যাবে। আপনারা জানেন, আমরা প্রাধান্য দিচ্ছি টেস্টকে, আমাদের পরবর্তী পাঁচটি টেস্ট ম্যাচ।’

আফগানিস্তান ম্যাচের পর আরও চারটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর মধ্যে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। এসব ম্যাচকে সামনে রেখে নাহিদকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে সবগুলো টেস্টে পাওয়ার লক্ষ্য নির্বাচকদের।

এ বিষয়ে বাশার বলেন, ‘আফগানিস্তান টেস্টের পর আরও চারটা টেস্ট ম্যাচ আছে, এবং ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে টেস্ট ম্যাচ আছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তো এই টেস্ট ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা প্রাধান্য দিচ্ছি। যার জন্য নাহিদ রানাকে আসলে আমরা সেরা সম্ভাব্য সুযোগটা দিতে চাই, তিনি যেন সবগুলো ম্যাচ খেলতে পারেন।’


তাসকিন আহমেদকেও একই ধরনের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান বাশার। তার ভাষায়, ‘তাসকিন আহমেদকেও আমরা এই টেস্ট ম্যাচটাতে বিশ্রাম দিয়েছি। তাকে আমরা যেহেতু প্রাধান্য দিচ্ছি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য, তাই তাকে যেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচটাতে পুরোপুরিভাবে পাই, তার জন্য এই টেস্ট ম্যাচটাতে তাকেও রাখা হয়নি।’

অমিত হাসান এবার দলে না থাকলেও তাকে ভবিষ্যৎ পরিকল্পনার বাইরে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বরং আফগানিস্তান টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর বেশি নির্ভর করতে চায় নির্বাচকরা।

বাশার বলেন, ‘যেহেতু আমাদের আফগানিস্তানের পর টেস্ট ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, আপনার ওয়েস্ট ইন্ডিজ, তারপর দক্ষিণ আফ্রিকা, তারপর ইংল্যান্ড—এগুলোতে আসলে আমাদের একটু অভিজ্ঞতারও খুব প্রয়োজন এবং প্রমাণিত খেলোয়াড়দেরও একটু বেশি প্রয়োজন।’

জাকের আলী অনিকের ক্ষেত্রে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বাশার। তিনি বলেন, ‘অমিত হাসান মাত্র শুরু করেছেন, তার অবশ্যই ভবিষ্যতে সুযোগ আসবে। কিন্তু এই টেস্ট ম্যাচগুলোতে আমরা আসলে একদম আমাদের যারা অভিজ্ঞ খেলোয়াড়, যারা আগে খেলেছেন, পারফর্ম করেছেন, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছি।’

সময়ের আলো/টিকে
  বিষয়:   জাকের  টেস্ট দল  ব্যাখ্যা  হাবিবুল বাশার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: