বর্ণবাদের অভিজ্ঞতা নতুন নয় লামিন ইয়ামালের কাছে। স্পেনের ফুটবলে বর্ণবাদী আচরণের ঘটনা নিয়ে বিতর্ক থাকলেও বার্সেলোনার এই তারকা জানালেন, মাঠে ও মাঠের বাইরে অগোচরে ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন তিনি।
১৯ বছর বয়সী ইয়ামালের মতে, অনেক সময় মানুষ বুঝতে না পেরেই পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করেন। তবে ভুলকে কখনোই গ্রহণযোগ্য মনে করেন না তিনি। লা লিগায় ছয় ম্যাচে সাত গোল করে দুর্দান্ত ছন্দে থাকা ইয়ামাল সম্প্রতি মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ণবাদ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন।
ইয়ামাল বলেন, ‘হাজারবার (আমি বর্ণবাদের শিকার)। লোকেরা অজান্তেই পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করতে পারে। অনেক মন্তব্য আছে, যেগুলো দেখতে বর্ণবাদী মনে হয়, কিন্তু তারা নিজেরাই সেটা বোঝে না।’
এ ধরনের ঘটনায় এখন আর আগের মতো বিচলিত হন না বলেও জানান ইয়ামাল। তাঁর ভাষায়, ‘আমি এখন এমন এক জায়গায় আছি যে, ব্যাপারটা মেনে নেওয়া হয় তা নয়। কারণ যা ভুল, তা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু যখন এমনটা ঘটে, তখন তা আমাকে বিচলিত করে না।’
এরপর নিজের একটি অভিজ্ঞতার কথাও জানান বার্সেলোনা তারকা। একবার প্রতিপক্ষ দলের এক সমর্থক তাকে ‘কালো’ বলে কটূক্তি করেছিলেন। তবে তাতে কোনো প্রতিক্রিয়া দেখাননি ইয়ামাল। বরং তাঁর নির্লিপ্ততায় ওই সমর্থকই হতভম্ব হয়ে গিয়েছিলেন।
ইয়ামাল বলেন, ‘বার্নাব্যুতে একটি বেশ পরিচিত ভিডিও আছে, যেখানে লোকেরা রাফিনিয়া ও আমাকে নিয়ে অনেক কিছু বলছিল। আমার প্রতিক্রিয়া দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। আমাকে কালো বলাটা আমাকে বিচলিত করেনি। কারণ আমি তো কালোই।’
তবে বিষয়টি যে বর্ণবাদী এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল, সেটি স্পষ্ট করে ইয়ামাল বলেন, ‘এটা যে ভুল, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কারণ সে আমাকে রাগানোর জন্য এটা বলেছিল। কিন্তু আমি একটি ম্যাচ খেলছি এবং সে আমাকে দেখার জন্য টাকা দিয়ে টিকিট কিনেছে। আমি অপমানিত হবো বলেই শুধু রেগে যাব, তা হয় না।’
সময়ের আলো/টিকে