এবার ২০০ কোটির ক্লাবে প্রবেশ করল বহুল আলোচিত সিনেমা ‘মির্জাপুর দ্য মুভি’। মুক্তির ১৪তম দিনে এই অর্জনের মুখ দেখেছে সিনেমাটি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহের শেষ দিনেও ভারতীয় বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। দ্বিতীয় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতে নিট ৩.৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে দেশটিতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২০৩.২০ কোটি রুপি।
গুরমিত সিংয়ের পরিচালনায় এবং পুনীত কৃষ্ণের গল্পে নির্মিত ‘মির্জাপুর দ্য মুভি’ মূলত জনপ্রিয় ওয়েব সিরিজটির প্রথম সিজনের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়ের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে।
অর্থাৎ সিরিজের গল্পের গুরুত্বপূর্ণ একটি পর্যায়কে এবার বড়পর্দায় নতুনভাবে তুলে ধরা হয়েছে। তবে সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহের অন্যতম বড় কারণ সিরিজের জনপ্রিয় কয়েকটি চরিত্রকে আবার পর্দায় ফিরিয়ে আনা।
সিরিজের পরবর্তী সিজনগুলোতে মৃত্যুবরণ করা চরিত্রগুলোকেও সিনেমাটিতে দেখা গেছে। বিশেষ করে দিব্যেন্দুর মুন্না ত্রিপাঠি ও শ্বেতা ত্রিপাঠির গোলু গুপ্তাকে আবার একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও